জাতীয় দলের ক্যাম্পে থাকা ৯ ফুটবলারকে ফেরত চেয়েছে মোহামেডান, সূচি বদলেরও অনুরোধ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে নিজেদের নয়জন ফুটবলারকে ফেরত চেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগামীকাল মঙ্গলবারের মধ্যে জাতীয় দলের ক্যাম্প থেকে তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে তারা।

জাতীয় দল ও ঘরোয়া ফুটবলের সূচিজটের কারণেই এই আবেদন মোহামেডানের। পাশাপাশি আসন্ন বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে নিজেদের দুটি ম্যাচ পেছানোর অনুরোধও করেছে ক্লাবটি। বিএফএলের ম্যাচটি ২৫ সেপ্টেম্বর ও ফেডারেশন কাপের ম্যাচটি ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা।

বাফুফে পেশাদার লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপের সূচি প্রকাশের পরদিনই এই চিঠি দিয়েছে মোহামেডান।

বাফুফের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর শুরু হবে বিএফএল। উদ্বোধনী দিনে পাঁচটি এবং পরদিন একটি ম্যাচ রাখা হয়েছে। তবে প্রথম রাউন্ডে মোহামেডানের কোনো খেলা নেই। এরপর আগামী ২২ সেপ্টেম্বর তিনটি ম্যাচ দিয়ে শুরু হবে ফেডারেশন কাপ।

নতুন মৌসুমের প্রস্তুতি মোহামেডান এখনও শুরু করতে পারেনি। ক্লাবটির মূল নয়জন ফুটবলার ব্যস্ত রয়েছেন জাতীয় দলের ক্যাম্পে।

ইন্দোনেশিয়ায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতেই বর্তমানে ব্যস্ত আছেন আনিসুর রহমান জিকো, সুজন হোসেন, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, রহমত মিয়া, সোহেল রানা জুনিয়র, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও সৌরভ দেওয়ান।

এর আগে বাফুফে ক্লাবগুলোকে জানিয়েছিল, জাতীয় দলের ফুটবলারদের ছাড়াই তাদের বিএফএল ও ফেডারেশন কাপে নামতে হবে। আর ফিফা নির্ধারিত উইন্ডোতে নিয়ম মেনে ফুটবলার ছাড়তে মোহামেডান রাজীও হয়েছিল।

তবে সোমবার বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে পাঠানো এক চিঠিতে মোহামেডান জানিয়েছে, তাদের খেলোয়াড়দের জাতীয় দলের ক্যাম্পে পাঠানোর সময় বিএফএলের সময়সূচি চূড়ান্ত ছিল না।

চিঠিতে লেখা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য নির্ধারিত সময়সূচিতে সহায়তা করার লক্ষ্যে এবং সদিচ্ছার নিদর্শনস্বরূপ, জাতীয় দলে আমন্ত্রণ পাওয়ার পরপরই মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ওই নয়জন খেলোয়াড়কে জাতীয় দলের অনুকূলে ছাড়পত্র প্রদান করেছিল। সেই সময়ে বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭ এর সময়সূচি চূড়ান্ত হয়নি। তাই এই সময়ের মধ্যে কোনো আনুষ্ঠানিক লিগ ম্যাচে আমাদের খেলোয়াড়দের প্রয়োজন হতে পারে— এমন কোনো তথ্য আমাদের জানা ছিল না।’

নিজেদের খেলোয়াড় ফেরত চেয়েছে সাদা-কালোরা, ‘ইতোমধ্যে জানতে পেরেছি যে, বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭ এর খেলাসমূহ ১৮ সেপ্টেম্বর হতে শুরু হতে যাচ্ছে। ঘোষিত এই নতুন সময়সূচি আসন্ন লিগে আমাদের ক্লাবের অংশগ্রহণের ওপর সরাসরি প্রভাব ফেলবে। কারণ আমাদের নয়জন খেলোয়াড় বর্তমানে জাতীয় দলের সাথে রয়েছেন। এমতাবস্থায়, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ক্লাব ক্যাম্পে যোগদানের জন্য উক্ত নয়জন খেলোয়াড়কে ছাড়পত্র প্রদানের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’

ফিফা উইন্ডোতে ফুটবলার ছাড়ার বিষয়ে অবস্থান পরিষ্কার করে চিঠিতে যোগ করা হয়েছে, ‘ফিফার নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোর সময় খেলোয়াড়দের ছাড়ার বিষয়েও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা লক্ষ্য করেছি যে, ফিফার আন্তর্জাতিক ম্যাচের ক্যালেন্ডার অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সময়কালটি আন্তর্জাতিক ম্যাচের উইন্ডো হিসেবে বিবেচিত।’

সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়ে আরও উল্লেখ করা হয়েছে, ‘বর্তমান অনুরোধটি করা হচ্ছে মূলত এ কারণে যে, পরবর্তীতে ঘরোয়া লিগের সময়সূচি চূড়ান্ত হওয়ায় একটি অনিবার্য সময়সূচি-সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। তবে সময়সূচি-সংক্রান্ত জটিলতা এড়ানোর জন্য লিগের ২৫ সেপ্টেম্বর এবং ফেডারেশন কাপের ২৯ সেপ্টেম্বর তারিখের খেলার সময়সূচি পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’

এ বিষয়ে মন্তব্যের জন্য দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে বাফুফের সাধারণ সম্পাদক ইমরানের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।