ম্যাচ পেছানোর পর আবাহনী ও ব্রাদার্সের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তাবিথ
গোপালগঞ্জে মঙ্গলবার ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও ফর্টিস এফসির মধ্যকার ১-১ গোলে ড্র হওয়া ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ফেডারেশন কাপের। তবে আসরের প্রথম দিনেই স্থগিত করা হয়েছে আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়নের নির্ধারিত ম্যাচ দুটি।
ম্যাচগুলো পেছানোর জন্য গতকাল সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) আবেদন করেছিল আবাহনী ও ব্রাদার্স। একই সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছিল ক্লাব দুটি। সেই আবেদনের প্রেক্ষিতে এদিন দুই ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান।
সূত্র মারফত জানা গেছে, ব্রাদার্স ইউনিয়নের স্থগিত হওয়া ম্যাচটি পুনর্নির্ধারণ করে আগামীকাল বুধবার এবং আবাহনীর ম্যাচটি পিছিয়ে আগামী বৃহস্পতিবার নেওয়া হয়েছে। এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আবেদনের ভিত্তিতে তাদের বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপের ম্যাচ পেছানোর সিদ্ধান্ত দিয়েছিল বাফুফে।
বাফুফে সভাপতির সঙ্গে বৈঠকে আবাহনীর প্রতিনিধিত্ব করেন ক্লাবটির ফুটবল ম্যানেজার শহিদ হোসেন স্বপন। দ্য ডেইলি স্টারকে তিনি জানিয়েছেন, চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান তাদের প্রথম লিগ ম্যাচ না খেলা পর্যন্ত আবাহনীর পরবর্তী লিগ ম্যাচের তারিখ যেন পিছিয়ে নতুন সময় দেওয়া হয়, ফেডারেশনকে সেই অনুরোধ করা হয়েছে।
স্বপন বলেছেন, ‘বাফুফে সভাপতি আমাদের আশ্বস্ত করেছেন যে, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।’
অন্যদিকে, ব্রাদার্সের ম্যানেজার আমের খান জানিয়েছেন, বাফুফের পক্ষ থেকে সব ক্লাবকে যেন সমান চোখে দেখা হয় এবং সমপরিমাণ সুযোগ দেওয়া হয়— বৈঠকে তারা সেই পুরোনো দাবির কথাই পুনর্ব্যক্ত করেছেন।