শেষ মুহূর্তের রোমাঞ্চে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ
প্রতিপক্ষের নিজেদের মাঠের চেনা আবহাওয়া আর গ্যালারির বাড়তি চাপ— কোনো কিছুই দমিয়ে রাখতে পারল না বাংলাদেশের মেয়েদের। শেষ মুহূর্তে পাওয়া গোলে রোমাঞ্চকর জয় দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু করল লাল-সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার তাশখন্দের মাটিতে 'এইচ' গ্রুপের নাটকীয় ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
দোস্তলিক স্টেডিয়াম ট্রেনিং পিচে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরে বাংলাদেশ। ফল মেলে চতুর্থ মিনিটেই। পূর্ণিমা মারমার বুদ্ধিদীপ্ত চিপ থেকে চমৎকার ট্যাপ-ইনে গোল করে দলকে এগিয়ে নেন মোসাম্মৎ আলমিনা।
তবে সেই আনন্দের স্থায়িত্ব বেশি হতে দেয়নি উজবেকিস্তানের মেয়েরা। ১৭তম মিনিটে বাংলাদেশ সেন্টার-ব্যাক আইরিন খাতুনের এক অনাকাঙ্ক্ষিত ভুলে সুযোগ পান ফারাঙ্গিজ লাকায়েভা। ঠাণ্ডা মাথায় জাল কাঁপিয়ে দলকে সমতায় ফেরান তিনি।
সমতা ফেরার পর ম্যাচ যখন পয়েন্ট ভাগাভাগির দিকেই এগোচ্ছিল, ঠিক তখনই আসে সেই মাহেন্দ্রক্ষণ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সতীর্থের থ্রু-বল ধরে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়েন বদলি ফরোয়ার্ড রুনা আক্তার। নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে বাংলাদেশকে তিনি এনে দেন দারুণ এক জয়।
পূর্ণ পয়েন্ট দিয়ে এই টুর্নামেন্টে যাত্রা শুরু করলেও চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে সামনে বাংলাদেশকে টপকাতে হবে বড় বাধা। আগামী রোববার গ্রুপের শেষ ম্যাচে ফিলিপাইনের বিপক্ষে জয় পেতেই হবে তাদের। কারণ নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া ফিলিপাইন গোল ব্যবধানে (+৪) বাংলাদেশের (+১) চেয়ে বেশ এগিয়ে রয়েছে।
বাছাইপর্বের আটটি গ্রুপের শীর্ষ দল আগামী বছরের মার্চ-এপ্রিলে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে। স্বাগতিকরা ছাড়া ইতোমধ্যে সরাসরি সেখানে জায়গা করে নিয়েছে উত্তর কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়া।