২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি, বললেন মায়ামি কোচ

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির খেলা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, কিন্তু বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে দেখলে ছবিটা ক্রমেই পরিষ্কার হচ্ছে। ইন্টার মায়ামির কোচ ও আর্জেন্টিনার সাবেক তারকা হাভিয়ের মাসচেরানোর সাম্প্রতিক বক্তব্যে সেই ইঙ্গিত আরও দৃঢ় হয়েছে, আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনায় এখনো মেসিই কেন্দ্রবিন্দু।

২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের মধ্য দিয়ে আজীবনের স্বপ্ন পূরণ করেছেন মেসি। এরপরও তার আন্তর্জাতিক ক্যারিয়ারের গল্প যে এখানেই শেষ হচ্ছে না, তা বহুদিন ধরেই ফুটবলবিশ্ব অনুমান করে আসছিল। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন তিনি, ২০২৫ সালে দলকে এনে দিয়েছেন ঐতিহাসিক এমএলএস কাপ। ফলে ইউরোপের শীর্ষ লিগে খেলা ফুটবলারদের মতো টানা উচ্চমাত্রার প্রতিযোগিতা না থাকলেও, অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা আর ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতায় মেসি এখনো অনন্য।

নিজেও এ বাস্তবতা সম্পর্কে সচেতন মেসি। ৩৮ বছর বয়সী এই মহাতারকা আগেই বলেছেন, পুরোপুরি ফিট ও ম্যাচ-ফিট না থাকলে তিনি আর্জেন্টিনার জন্য বোঝা হয়ে থাকতে চান না। তবে সময়ের সঙ্গে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ থাকবে, আর অনেক প্রতিদ্বন্দ্বীর তুলনায় সতেজ থাকাটাকেই অনেকেই দেখছেন বাড়তি সুবিধা হিসেবে।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মেসির জন্য দরজা পুরোপুরি খোলা রেখেছেন। দুজনের মধ্যে নিয়মিত আলোচনা চলছে, সম্পর্কটা বিশ্বাসের ওপর দাঁড়িয়ে। সবুজ সংকেত মিললেই আবারও নাম্বার টেন ভূমিকায় মেসিকে ঘিরেই গড়ে উঠবে আলবিসেলেস্তেদের আক্রমণভাগ।

এই প্রেক্ষাপটে মাসচেরানোর মন্তব্য নতুন করে আশার আলো জ্বালিয়েছে। মেসির ২০২৬ বিশ্বকাপে খেলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সরলভাবেই বলেন, "হ্যাঁ, কেন নয়?" তার ভাষায়, "আমি খেলোয়াড়দের খুব কাছ থেকে দেখি। তারা কেমন অনুভব করছে, শরীর কেমন সাড়া দিচ্ছে, এগুলো তাদের চেয়েই ভালো কেউ জানে না।"

মাসচেরানো আরও বলেন, বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লড়াইয়েও আর্জেন্টিনা থাকবে শক্ত অবস্থানে, "দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা খুব উচ্চমানের ফুটবল খেলছে। দলে অসাধারণ সব ফুটবলার আছে, তারা বিশ্বকাপে যাবে সেরা প্রস্তুতি নিয়ে।"

পরিসংখ্যানই বলে দেয় মেসির অনন্যতা, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার তিনি, এখন পর্যন্ত ২৬ ম্যাচ। আন্তর্জাতিক ক্যাপে সংখ্যা ১৯৬, যা ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনাই বেশি।

মেসি নিজেও ২০২৬ বিশ্বকাপ নিয়ে আবেগী কণ্ঠে বলেছেন, "আমি আশা করি সেখানে থাকতে পারব। থাকতে পারলে দারুণ হবে। না পারলেও অন্তত মাঠে বসে দেখব। বিশ্বকাপ সবার জন্যই বিশেষ, আর আমাদের জন্য তো আরও বেশি।"

স্কালোনির সঙ্গে সম্পর্ক নিয়ে তার কথায়ও ফুটে ওঠে গভীর আস্থা, "আমরা নিয়মিত কথা বলি। তিনি আমাকে যেকোনো ভূমিকায় দলে চান। আমাদের মধ্যে এমন বিশ্বাস আছে যে সব বিষয়ে খোলাখুলি আলোচনা করা যায়।"

এরই মধ্যে ফিনালিসিমা ম্যাচে (আর্জেন্টিনা-স্পেন) না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন মেসি। ফলে লুসাইল স্টেডিয়ামে লামিনে ইয়ামালের বিপক্ষে তাকে দেখা যাবে না। আন্তর্জাতিক ফুটবলে বিদায়ের ভাবনা থাকলেও ক্লাব ফুটবলে মেসির গল্প এখনো অনেক দূর যাওয়ার। এমএলএস কাপজয়ী ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন তিনি।