‘তারা চায় না আমরা জিতি!’
টটেনহ্যামের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারানোর পর ক্ষোভে ফেটে পড়েছে ম্যানচেস্টার সিটির ড্রেসিংরুম। প্রিমিয়ার লিগের ম্যাচ অফিসিয়াল ও ভিএআর নিয়ে প্রকাশ্যেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন সিটির মিডফিল্ডার রদ্রি। ব্যালন ডি'অর জয়ী স্প্যানিশ তারকার দাবি, 'তারা আমাদের জিততে দিতে চায় না।'
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ২-২ ড্রয়ের ম্যাচ শেষে রদ্রির ক্ষুব্ধ প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে, সিদ্ধান্তগুলো নিয়ে কতটা হতাশ সিটি শিবির। পেপ গার্দিওলার দল ম্যাচে সহজ জয়ের পথেই এগোচ্ছিল। রায়ান চেরকি ও আন্তোন সেমেনিওর গোলে দুই গোলের লিড নেয় সিটি, বিরতিতে নিজেদের দর্শকদের দুয়োও শুনতে হয় স্পার্সকে। মনে হচ্ছিল, ম্যাচটা একপ্রকার নিয়ন্ত্রণেই রয়েছে সফরকারীদের।
কিন্তু দ্বিতীয়ার্ধে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। চাপের মুখে থাকা কোচ থমাস ফ্রাঙ্ক দলের মধ্যে লড়াইয়ের আগুন জ্বালিয়ে দেন। ডমিনিক সোলাঙ্কে নেতৃত্ব দেন সেই প্রত্যাবর্তনে। প্রথমে মার্ক গেহির গায়ে লেগে বল জালে জড়িয়ে দেন তিনি, পরে অবিশ্বাস্য এক 'স্করপিয়ন কিক' গোল করে ম্যাচে সমতা ফেরান।
এই ড্রয়ে প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে পড়েছে ম্যানচেস্টার সিটি। আর সিটির বিশ্বাস, তাদের শিরোপা অভিযাত্রা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বিতর্কিত সিদ্ধান্তে। নিউক্যাসল, ম্যানচেস্টার ইউনাইটেড ও উলভসের বিপক্ষেও সাম্প্রতিক ম্যাচগুলোতে ভিএআরে বড় সিদ্ধান্ত গেছে সিটির বিপক্ষে।
বিশেষ করে সোলাঙ্কের প্রথম গোলটি নিয়ে চরম অসন্তোষ সিটি শিবিরের। তাদের দাবি, গোলের মুহূর্তে সোলাঙ্কে স্পষ্টভাবে গেহির পায়ে ফাউল করেছেন, অথচ ভিএআর হস্তক্ষেপ করেনি।
ম্যাচ শেষে স্ট্যান স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে রদ্রি বলেন, "আমি জানি আমরা অনেক বেশি জিতেছি, আর মানুষ চায় না আমরা আবার জিতি। কিন্তু রেফারিকে তো নিরপেক্ষ হতে হবে। সৎভাবে বললে, এটা ন্যায্য নয়। আমরা এত পরিশ্রম করি, আর এভাবে সিদ্ধান্ত এলে হতাশ হওয়াটাই স্বাভাবিক।"
তিনি আরও বলেন, "গোলের আগে স্পষ্ট ফাউল ছিল। সে গেহির পায়ে কিক করেছে। ভিএআর তো এসব দেখার জন্যই আছে। এই ছোট ছোট সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য বদলে দেয়। এটা আজকের ঘটনা না, দুই-তিন ম্যাচ ধরেই হচ্ছে, আর কেন হচ্ছে আমি সত্যিই জানি না।"
রদ্রির মতোই ক্ষুব্ধ কোচ পেপ গার্দিওলাও। বিতর্কিত ঘটনাটি নিয়ে তিনি বলেন, "আবারও তাই হলো… দেখেছেন কি হয়েছে? কিছুই না। গেহির পেছন থেকে কিক করা হয়েছে, আর সেটাই গোল। কিছুই ধরা পড়ল না।"
বিবিসি স্পোর্টকে গার্দিওলা বলেন, "স্ট্রাইকারের সঙ্গে এটা হলে পেনাল্টি দেওয়া হতো। আমি রেফারি নই, কিন্তু প্রিমিয়ার লিগ সত্যিই 'ফ্যাসিনেটিং'!"
এই ড্রয়ের পর গুরুত্বপূর্ণ এক সপ্তাহে ঢুকছে ম্যানচেস্টার সিটি। বুধবার নিউক্যাসলের বিপক্ষে কারাবাও কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলবে তারা ইতিহাদে, আর রবিবার অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে গার্দিওলার দল।