ফেভারিট নয় ব্রাজিল, তাতেই খুশি কাসেমিরো

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়ে এবারও মাঠে নামতে যাচ্ছে সেলেসাওরা। তবে টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের শীর্ষ ফেভারিট হিসেবে দেখছেন না অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। বরং তার বিশ্বাস, কিছুটা আড়ালে থাকাই ব্রাজিলের জন্য সুবিধাজনক হতে পারে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ফিফার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কাসেমিরো বলেন, ব্রাজিল এবার সবচেয়ে বড় ফেভারিট নয়। তবে দলটি যথেষ্ট শক্তিশালী এবং অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার দারুণ সমন্বয়ে গড়া।

৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের মতে, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ডকে বর্তমানে অনেকেই ব্রাজিলের চেয়ে এগিয়ে রাখছে। কিন্তু সেটি তাদের জন্য নেতিবাচক নয়। বরং এই অবস্থান খেলোয়াড়দের আরও সতর্ক ও মনোযোগী রাখবে।

কাসেমিরো বলেন, 'সম্ভবত এবার আমরা অন্যদের থেকে এক ধাপ পিছিয়ে আছি। কিন্তু আমরা সতর্ক আছি, আর সেটা সবসময়ই ভালো বিষয়। আমরা চাই সেরা প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে এবং দুর্দান্ত একটি টুর্নামেন্ট খেলতে।'

বিশ্বকাপের প্রস্তুতি পর্বকে সহজ বলতে রাজি নন ব্রাজিলের এই তারকা। তার মতে, গত কয়েক বছরে দলটি নানা পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনে নেতৃত্ব বদল হয়েছে, নতুন সভাপতি এসেছেন, আর কোচের দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি।

'এটি একটি কঠিন চক্র ছিল। কোচ পরিবর্তন হয়েছে, সভাপতি পরিবর্তন হয়েছে, চারপাশে অনেক অস্থিরতা ছিল। আনচেলত্তি ফুটবলের অন্যতম অভিজ্ঞ কোচ, কিন্তু বাস্তবতা হলো আমরা তার সঙ্গে কাজ করেছি মাত্র ৪০ দিনের মতো। তারপরও আমি মনে করি আমরা শক্ত অবস্থায় বিশ্বকাপে যাচ্ছি,' বলেন কাসেমিরো।

তিনি আরও বলেন, দলের মধ্যে মানসম্পন্ন, অভিজ্ঞ, উদ্যমী এবং তরুণ, সব ধরনের খেলোয়াড়ই রয়েছে। এই ভারসাম্যই বড় প্রতিযোগিতায় ব্রাজিলকে এগিয়ে নিতে পারে বলে বিশ্বাস তার।

আগামী বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।