ব্রাজিল শিবিরে স্বস্তি, অনুশীলনে ফিরলেন নেইমার
বিশ্বকাপ শুরুর আগেই চোটের কারণে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল নেইমারের অংশগ্রহণ। তবে ব্রাজিল সমর্থকদের জন্য এবার এসেছে স্বস্তির খবর। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর অবশেষে দলের অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
মঙ্গলবার নিউ জার্সিতে ব্রাজিল দলের অনুশীলন ঘাঁটিতে দেখা গেছে নেইমারকে। যদিও এখনও তিনি পূর্ণমাত্রার অনুশীলনে ফিরতে পারেননি, তবু মাঠে নেমে দৌড়ানোর মাধ্যমে পুনরুদ্ধার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ সম্পন্ন করেছেন ৩৪ বছর বয়সী এই তারকা।
মে মাসের শেষ দিকে ডান পায়ের কাফ মাসলে চোট ধরা পড়ার পর থেকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন নেইমার। দল যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর থেকে তিনি আলাদা পুনর্বাসন কর্মসূচির মধ্যেই ছিলেন। ফলে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি।
নেইমারকে ছাড়াই বিশ্বকাপ অভিযান শুরু করেছিল কার্লো আনচেলত্তির দল। তবে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। সেই ম্যাচে আক্রমণভাগে নেইমারের সৃজনশীলতার অভাবও অনুভূত হয়েছে। তাই তার অনুশীলনে ফেরা ব্রাজিল শিবিরে নতুন আশার সঞ্চার করেছে।
গত এক দশকেরও বেশি সময় ধরে ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ছিলেন নেইমার। ২০১৪, ২০১৮ এবং ২০২২ টানা তিনটি বিশ্বকাপেই দলের প্রধান ভরসা ছিলেন তিনি। তবে এবার তার দলে জায়গা পাওয়া নিয়েও কিছুটা বিস্ময় ছিল। কারণ ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি এই ফরোয়ার্ড।
চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের কারণে ক্লাব ফুটবলেও নিয়মিত মাঠে থাকা হয়নি তার। চলতি মৌসুমে ব্রাজিলিয়ান লিগ, কাপ এবং কোপা সুদামেরিকানায় নিজের ক্লাবের হয়ে মাত্র অর্ধেক ম্যাচে খেলতে পেরেছেন তিনি।
তবু অভিজ্ঞতা, নেতৃত্ব এবং ম্যাচের গতিপথ বদলে দেওয়ার অসাধারণ ক্ষমতার কারণেই তাকে বিশ্বকাপ দলে রেখেছেন কোচ আনচেলত্তি। এখন প্রশ্ন একটাই, কবে মাঠে ফিরবেন নেইমার?
আগামী শুক্রবার ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ২৪ জুন মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা। নেইমার সেই দুই ম্যাচের কোনো একটিতে মাঠে ফিরতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।