অনুশীলনে ফিরলেও হাইতির বিপক্ষে নেই নেইমার
বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের অপেক্ষা আরও দীর্ঘ হলো। চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও হাইতির বিপক্ষে ম্যাচে খেলছেন না নেইমার। তারকা ফরোয়ার্ডকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় ব্রাজিলের কোচিং স্টাফ। ফলে দলের দ্বিতীয় গ্রুপ ম্যাচেও মাঠের বাইরে থাকতে হচ্ছে সেলেসাওদের সবচেয়ে বড় তারকাকে।
শুক্রবার ফিলাডেলফিয়ায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। তবে দলের সঙ্গে সেখানে ভ্রমণ করবেন না নেইমার। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, তিনি নিউ জার্সিতেই থেকে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন এবং চোট থেকে শতভাগ সুস্থ হওয়ার দিকেই পুরো মনোযোগ থাকবে।
সিবিএফের পরিকল্পনা অনুযায়ী, নিউ জার্সির ‘দ্য রিজ’ হোটেল ও কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারের সুবিধা ব্যবহার করে পুনর্বাসনের শেষ ধাপ সম্পন্ন করবেন ব্রাজিলিয়ান সুপারস্টার। লক্ষ্য একটাই, তাকে তাড়াহুড়া করে মাঠে নামানোর বদলে পুরোপুরি ফিট অবস্থায় ফেরানো।
অবশ্য সুসংবাদও আছে। বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো বল নিয়ে মাঠে অনুশীলন করেছেন নেইমার। সেশনের শুরুতে সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপেও অংশ নেন তিনি। এক পর্যায়ে কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে মাঠেই কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় তাকে। পরে আলাদা হয়ে ব্যক্তিগত অনুশীলন করেন এই ফরোয়ার্ড।
নেইমারের ডান পায়ের কাফে পাওয়া চোটটির বয়স বুধবার এক মাস পূর্ণ করেছে। সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে ম্যাচে ওই চোটে আক্রান্ত হওয়ার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। যদিও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তবু চিকিৎসক ও কোচিং স্টাফ কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছেন না।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ফলে হাইতির বিপক্ষে জয় এখন দলটির জন্য বেশ গুরুত্বপূর্ণ। তবে সেই ম্যাচেও নেইমারকে ছাড়াই খেলতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
হাইতির পর আগামী ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচ কিংবা নকআউট পর্বে নেইমারের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আশাবাদী ব্রাজিল শিবির।