স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার, জানালেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক

দুই ম্যাচ ধরে অপেক্ষা করছে ব্রাজিল, অপেক্ষা করছে বিশ্বকাপও। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। চোট কাটিয়ে মাঠে ফেরার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ভাষ্য অনুযায়ী, স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই দেখা যেতে পারে সেলেসাওদের তারকা নম্বর দশকে।

হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর নেইমারের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন আনচেলত্তি। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ইতালিয়ান এই কোচ বলেন, 'হ্যাঁ। আগামীকাল (শনিবার) নেইমার ব্যক্তিগতভাবে অনুশীলন করবে। এরপর সোমবার সে দলের সঙ্গে যোগ দেবে এবং স্কটল্যান্ড ম্যাচের জন্য প্রস্তুত থাকবে।' 

ডান পায়ের কাফের চোটে ভুগছেন নেইমার। প্রায় এক মাস আগে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে ম্যাচে এই চোটে পড়েন তিনি। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। সেই কারণে ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়া দলেও ছিলেন না তিনি। দলের সঙ্গে না গিয়ে নিউ জার্সিতে ব্রাজিল দলের ক্যাম্পেই থেকে যান।

হাইতি ম্যাচের আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশন নেইমারের পুনর্বাসনের কিছু ছবিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, নিউ জার্সির দ্য রিজ হোটেল এবং কলাম্বিয়া পার্ক প্রশিক্ষণ কেন্দ্রে কঠোর পরিশ্রম করছেন তিনি। প্রতিদিন দুই ধাপে চলছে তার অনুশীলন। মাঠে ফিটনেস ও বলের কাজের পাশাপাশি বিকেলে জিমেও বিশেষ সেশন করছেন। পুরো সময়ই তার সঙ্গে রয়েছেন ফিটনেস কোচ ক্রিশ্চিয়ানো নুনেস এবং মিনো ফুলকো।

তবে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ব্রাজিলের কোচিং স্টাফ। তাড়াহুড়া না করে শতভাগ সুস্থ অবস্থাতেই তাকে মাঠে ফেরানোর পরিকল্পনা তাদের। সে কারণেই মরক্কো ও হাইতির বিপক্ষে ম্যাচে তাকে খেলানো হয়নি।

চার পয়েন্ট নিয়ে বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেও প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের পরের পর্বের টিকিট।