জেতার পরও কোচের কঠোর সমালোচনা, জবাবে বেলিংহামের ব্যাখ্যা
কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে ইংল্যান্ড। কিন্তু এই রোমাঞ্চকর জয়ের পর দলের পারফরম্যান্সে তীর সমালোচনা করেছেন কোচ টমাস টুখেল। তার মতে কিছুটা ভাগ্যবান হওয়ায় পার পেয়ে গেছেন তারা। তবে ম্যাচ সেরা জুড বেলিংহামের মত ভিন্ন। তিনি মনে করেন, প্রতিকূল আবহাওয়ায় মানসম্পন্ন খেলোয়াড়দের বিপক্ষে মাঠের লড়াই ছিলো কঠিন।
মায়ামির প্রচণ্ড গরম ও তীব্র আর্দ্রতার মধ্যে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় থ্রি লায়ন্সরা। পিছিয়ে পড়া ইংল্যান্ডকে সমতায় ফেরানোর পর অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটিও করেন ২৩ বছর বয়সী বেলিংহাম। তবে ম্যাচ শেষে ফুটবলারদের এমন নিংড়ে দেওয়া পারফরম্যান্সের পরেও কোনো অজুহাত শুনতে রাজি হননি কোচ টুখেল। বরং দলের পারফরম্যান্সকে ‘অগোছালো’ বলে ক্ষোভ উগড়ে দেন তিনি।
ম্যাচ শেষে টুখেল বলেন, ‘আমরা ভাগ্যবান ছিলাম। আমরা নিজেরাই নিজেদের জীবনটা অনেক বেশি কঠিন করে তুলেছিলাম। ফলাফলটা দারুণ, আমরা শেষ চারে পৌঁছেছি। এটা অসাধারণ, কিন্তু সব দিক থেকে বিবেচনা করলে দলের পারফরম্যান্সে আমি মোটেও খুশি নই।’
জার্মান এই কোচ আরও যোগ করেন, ‘আমরা যেভাবে খেলেছি, তা খুবই অগোছালো ছিল। প্রচুর টেকনিক্যাল ভুল ছিল, খেলায় গতি ছিল না এবং আক্রমণগুলোতেও ধারাবাহিকতা ছিল না।’
কোচের এমন কঠোর সমালোচনা সম্পর্কে জানতে চাওয়া হয় বেলিংহামের কাছে। ভাগ্যবান নিয়ে শুরুতে ‘মন্তব্য নেই’ বললেও পরে আরেক প্রশ্নে বলেন, ‘আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড, আন্তোনিও নুসা কিংবা আলেকজান্ডার সরলথদের মতো খেলোয়াড়দের বিপক্ষে এই কঠিন আবহাওয়ায় খেলাটা কতটা কঠিন। নরওয়ে মোটেও সহজ কোনো প্রতিপক্ষ ছিল না।’
দলের বাকি ফুটবলারদের প্রশংসা করে বেলিংহাম আরও বলেন, ‘আমি ছেলেদের প্রশংসা না করে পারছি না। আপনি সবসময় বল পজিশন ধরে রেখে বা ১,০০০টি নিখুঁত পাস দিয়ে ম্যাচ জিততে পারবেন না। কখনো কখনো ম্যাচ জিততে হলে কঠিন লড়াই করতে হয়, নোংরা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়; আজ আমরা সেটাই করেছি।’
অবশ্য ফুটবলারদের ওপর বিরক্তি প্রকাশ করলেও দলের সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয়নি বলে দাবি করেছেন টুখেল। তিনি বলেন, ‘আমার দলের সঙ্গে কোনো দূরত্ব নেই। মন থেকে আমি আমার খেলোয়াড়দের এবং এই দলকে ভীষণ ভালোবাসি। তবে আমরা আরও ভালো খেলতে পারি, অনেক কিছুতেই আরও উন্নতির জায়গা রয়েছে।’
আগামী বুধবার আটলান্টায় ফাইনালে উঠার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নামবে ইংল্যান্ড।