ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করা চাকসু সদস্য শপথ নিলেন মেয়াদ শেষের ১৬ দিন আগে
ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য আকাশ দাস শপথ নিয়েছেন।
চাকসুর মেয়াদ শেষ হওয়ার ১৬ দিন আগে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে তিনি শপথ নেন। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান তাকে শপথ পড়ান।
ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে চাকসুর নির্বাহী সদস্য নির্বাচিত হন আকাশ দাস। তবে গত বছরের ২৩ অক্টোবর চাকসু ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না।
ধর্ষণ নিয়ে তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তখন বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সমালোচনা হয়। ওই পোস্টে তিনি ধর্ষণের ঘটনায় ‘মেয়েদের দোষ আছে’ বলে মন্তব্য করেছিলেন। এর প্রতিবাদে তার শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলও করেন।
শপথ অনুষ্ঠানের আগে চাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের একাংশ দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, আকাশ দাস অনুষ্ঠানে উপস্থিত থাকলে তারা শপথ বর্জন করবেন। পরে আকাশ নিজেই দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, ‘আমার জন্য যেহেতু সবার শপথ নিতে সমস্যা হচ্ছে, তাই আমি অনুষ্ঠানে যাইনি।’
তিনি আরও বলেছিলেন, তাকে অনেকে কটু ভাষায় কথা বলেছেন, যা ঠিক হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরে কোনো কারণ দর্শানোর নোটিশ দিলে তিনি তার জবাব দেবেন বলেও জানিয়েছিলেন।
এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই মন্তব্যের বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটি চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেয়।
পরে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের ২১তম সভায় আকাশ দাসকে ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পর মঙ্গলবার তাকে শপথ পড়ানো হলো।
উপাচার্য অধ্যাপক আল-ফোরকান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ আকাশ দাসকে শপথ পড়ানো হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করা হয়েছে। তাকে শপথ না পড়িয়ে রাখার চেয়ে শপথ পড়ানোই ভালো।’
চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, প্রশাসন তাদের জানিয়েছিল, আকাশ মঙ্গলবার শপথ নেবেন। ‘কখন বা কীভাবে তাকে শপথ পড়ানো হবে, সেটি পুরোপুরি উপাচার্যের এখতিয়ার,’ বলেন তিনি।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের এক বছরের জন্য দায়িত্ব নেওয়ার কথা। গত বছরের ২৩ অক্টোবর চাকসু এবং ১৪টি হল ও একটি হোস্টেলের হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে আকাশ দাস অনুপস্থিত ছিলেন।
যোগাযোগ করা হলে আকাশ দাস মঙ্গলবার কোনো মন্তব্য করতে রাজি হননি।
