জামায়াত আমিরের নারী ‘অবমাননাকর’ মন্তব্যের প্রতিবাদে ঢাবি ও জবিতে বিক্ষোভ
কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতের আমির শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া 'অবমাননাকর' মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঝাড়ু মিছিলসহ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার ১২টার দিকে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করেন।
মিছিলটি কলাভবন, রাজু ভাস্কর্য ও ঢাবি কেন্দ্রীয় মসজিদ প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা নারীদের নিয়ে করা মন্তব্যের জন্য শফিকুর রহমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন।
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা বলেন, তারা (জামায়াত) কর্মজীবী নারীদের পতিতা হিসেবে দেখে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নারীদের ওপর হামলা করেছে। তারা নারীদের সমান নাগরিক হিসেবে নয়, দাসী হিসেবে দেখে।
তিনি আরও বলেন, আপনারা নারীদের আবার ঘরের মধ্যে বন্দী করতে পারবেন না। আপনাদের প্রকাশ্যে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম বলেন, নারীদের বিষয়ে জামায়াতের অবস্থান বহু বছর ধরেই স্পষ্ট। যেখানে ভোটারদের ৫২ শতাংশ নারী, সেখানে তাদের
অপমানজনক কথা বলে কীভাবে রাজনীতি করার দাবি করা যায়?
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জামায়াত আমির প্রকাশ্য ক্ষমা না চাইলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।
জামায়াত আমির শফিকুর রহমানের নারীদের নিয়ে করা অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী 'ঝাড়ু মিছিল' বের করেন।
দুপুর দুইটার দিকে ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ছাত্রসংগঠনের নারী নেত্রীরা ঝাড়ু হাতে অংশ নেন এবং পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতা সীমা আক্তার বলেন, বাংলাদেশে যখনই নারীরা নিজেদের অধিকার নিয়ে কথা বলেন, তখনই তারা অনলাইনে হয়রানির শিকার হন।
তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীরা ভুয়া ও বট অ্যাকাউন্ট ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ওপর আক্রমণ চালাচ্ছে।
বাংলাদেশ ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বড়ই বলেন, জামায়াত আমিরের মন্তব্যকে আইডি হ্যাক দেখানোর চেষ্টা করা হচ্ছে। এই দাবির প্রমাণ জনগণের সামনে তুলে ধরতে হবে।
সমাবেশ থেকে জামায়াত আমিরের প্রকাশ্য ক্ষমা প্রার্থনার দাবিও জানানো হয়।
এদিকে, একই দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরাও দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। এতে জবি ছাত্রদলের নারী নেত্রীরা অংশ নেন।
নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল ছাত্রদলের সভাপতি এবং হল সংসদের সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক ফারজানা আক্তার টুম্পা বলেন, দায়িত্বশীল পদে থেকে জামায়াত আমির নারীদের নিয়ে যে অশালীন মন্তব্য করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই।
জামায়াতের আমিরের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে গতকাল শনিবার বিকেলে একটি পোস্ট করা হয়। পোস্টে কর্মজীবী নারীদের সম্পর্কে 'অসম্মানজনক' মন্তব্য থাকায় শফিকুর রহমানের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।
সেখানে এক জায়গায় বলা হয়, আধুনিকতার নামে নারীদের ঘর থেকে বের করে আনার ফলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখে পড়েন। এর পর ওই বাক্যেই কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করা হয়।
তবে জামায়াত বলেছে, সংশ্লিষ্ট এক্স অ্যাকাউন্টটি সাইবার হামলার শিকার হয়েছিল। এ ঘটনায় দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয় এবং থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।