অস্ট্রেলিয়ায় গান নিয়ে ব্যস্ত ঐন্দ্রিলা

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

অভিনয়, গান, নাচ ও উপস্থাপনায় ছোটবেলা থেকেই যুক্ত ঐন্দ্রিলা বর্তমানে গান নিয়েই বেশি ব্যস্ত। অস্ট্রেলিয়ার সিডনিতে দুটি গানের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রশংসা পাওয়ার পর ক্যানবেরা ও মেলবোর্নেও একক অনুষ্ঠানের প্রস্তাব পেয়েছেন তিনি।

ঢাকাই সিনেমার সোনালি দিনের নায়ক বুলবুল আহমেদের কন্যা ঐন্দ্রিলা। জীবনে প্রথম গান গেয়েছেন বাবা বুলবুল আহমেদ পরিচালিত ‘গরম হাওয়া’ সিনেমায়। এরপর আরও প্রায় এক ডজন সিনেমায় গান গেয়েছেন তিনি।

অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন ঐন্দ্রিলা। সাহিত্যনির্ভর নাটকে তার অভিনীত বেশ কয়েকটি নাটক প্রশংসিত হয়েছে। দীর্ঘদিন ধরে বাংলা ভিশনে অনুষ্ঠান উপস্থাপনাও করছেন তিনি।

তবে এখন গানেই বেশি সময় দিচ্ছেন ঐন্দ্রিলা। দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গান নিয়মিত করতে চাই। বিশেষ করে স্টেজে গান করতে চাই বেশি করে।’

বাবা বুলবুল আহমেদের সিনেমার গান নিয়ে একটি অনুষ্ঠানের স্মৃতিও রয়েছে তার। ঐন্দ্রিলা বলেন, ‘আব্বুর সিনেমার ১৫টি জনপ্রিয় গান নিয়ে গুলশানে একটি গানের অনুষ্ঠান করেছিলাম অনেক দিন আগে। ওই অনুষ্ঠান করে বেশ প্রশংসা পেয়েছিলাম।’

গানের সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে ঐন্দ্রিলা বলেন, ‘অনেকেই জানেন না আব্বু গান করতেন, মা গান করতেন। বাসার সবাই গানের সঙ্গেই ছিলাম, গান গাইতাম। আমিও ছোটবেলা থেকে নাচ, গান, উপস্থাপনা, আবৃত্তি, অভিনয় সবকিছু শিখেছি।’

শৈশবের মধুর স্মৃতি শেয়ার করে ঐন্দ্রিলা বলেন, ‘যখন ছোট ছিলাম, তখন বাসার ছাদে সবাই মিলে গান করতাম—আব্বা, মা, আমি। কী যে আনন্দ হতো! কখনো কখনো জোছনা দেখতে দেখতে গান করার মধ্যে অনেক ভালো লাগা কাজ করতো। ওই দিনগুলো আর পাব না।’

অনেকের কাছ থেকেই গান শিখেছেন ঐন্দ্রিলা। বিশেষ করে শিল্পী সাদি মহম্মদ ও সঞ্জীব চৌধুরীর কাছে গান শেখার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সাদি মহম্মদের কাছে গান শিখেছি। সঞ্জীবদার কাছে গান শিখেছি। আরও অনেকের কাছেই গান শিখেছি।’

সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে দুটি গানের অনুষ্ঠানে অংশ নিয়েছেন ঐন্দ্রিলা। একটিতে প্রায় ৫০০ দর্শক উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘দুটো শোতে গান করে প্রচুর প্রশংসা পেয়েছি। পুরোনো দিনের গান, আধুনিক গানসহ নানারকম গান করেছি। দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি।’

সিডনির দুটি অনুষ্ঠানের পর অস্ট্রেলিয়ায় আরও একক শোর প্রস্তাব পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, শিগগির ক্যানবেরা ও মেলবোর্নে গান করার কথা রয়েছে তার।

বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন ঐন্দ্রিলা। সেখানে গান করার পাশাপাশি অভিনয়ের প্রস্তাবও পাচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘গানটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। তবে, অভিনয়ও করতে পারি।’