এবার আসছে ট্রাম্পের সইযুক্ত ডলার
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন কায়দায় মার্কিন ইতিহাসে ‘নিজের নাম’ খোদাই করার চেষ্টায় মেতেছেন ডোনাল্ড ট্রাম্প।
নিজের নামে বিমানবন্দরের নামকরণ, জুতার ব্র্যান্ড চালু, গুরুত্বপূর্ণ স্থাপনার নাম বদলে দেওয়া, “ট্রাম্প শুল্ক” আরোপ, ইরানের ওপর বোমা হামলা, ভিন্ন দেশের প্রেসিডেন্টকে তুলে আনা—এরকম নানা কর্মকাণ্ডে নিজেকে স্মরণীয় করে রাখার এক নিরন্তর অভিযানে নেমেছেন এই রিপাবলিকান নেতা।
এবার সেই ধারায় আসছে ‘ট্রাম্প-ডলার’। আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়।
এখন পর্যন্ত ক্ষমতাসীন থাকা অবস্থায় কোনো মার্কিন প্রেসিডেন্টের সই ডলারের নোটে যোগ করা হয়নি। তবে এবার ওই ধারা বদলাচ্ছে।
মার্কিন ট্রেজারি বিভাগ ঘোষণা দিয়েছে, নতুন নোটে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও ট্রাম্পের সই যোগ করা হচ্ছে। দপ্তরের ভাষ্য, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
বেসেন্ট বলেন, ‘আমাদের দেশ ও প্রেসিডেন্ট ডোনাল্ড যে ট্রাম্পের ঐতিহাসিক সব অর্জনকে স্বীকৃতি দেওয়ার সবচেয়ে উপযুক্ত উপায় হলো মার্কিন ডলারে নেতার সই যুক্ত করা।’
প্রথাগতভাবে, ডলারে অর্থমন্ত্রী ও ট্রেজারি দপ্তরের অন্যান্য কর্মকর্তার সই থাকে।
জুনে ট্রাম্প ও বেসেন্টের সাক্ষরযুক্ত ১০০ ডলারের নোট ছাপানো শুরু হবে। পরবর্তীতে অন্যান্য নোটেও তাদের সই যোগ করা হবে।
বর্তমানে যেসব ডলার ছাপানো হচ্ছে, সেগুলোতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন ও কোষাধ্যক্ষ লিন মালের্বার সই আছে।
১৮৬১ সাল থেকে অর্থমন্ত্রীর সঙ্গে ব্যাংকনোটে মার্কিন কোষাধ্যক্ষের সই রাখার প্রথা চালু আছে। তবে ট্রাম্প প্রশাসন এই প্রথা বিলুপ্ত করতে চলেছে।
ট্রেজারি দপ্তরের বর্তমান কোষাধ্যক্ষ ব্র্যান্ডন বিচ অঙ্গীকার করেন, দেশের মুদ্রা ‘যুক্তরাষ্ট্রের জনগণের উন্নয়ন, শক্তিমত্তা ও অদম্য স্পৃহার প্রতীক হিসেবে তার যাত্রা অব্যাহত রাখবে।’
২৫০ বছর আগে যুক্তরাষ্ট্রের ১৩টি স্বায়ত্তশাসিত অঞ্চল ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার ঘোষণা দেয়।
পরবর্তীতে ওই অঞ্চলগুলো অঙ্গরাজ্যে রূপান্তরিত হয়ে ‘মার্কিন যুক্তরাষ্ট্র’ নামের দেশটি প্রতিষ্ঠা করে।
এ মাসের শুরুতে কেন্দ্রীয় শিল্পকলা কমিশন ট্রাম্পের ছবি সম্বলিত একটি ২৪ ক্যারাট স্বর্ণের স্মারক কয়েনের অনুমোদন দেয়। এই কয়েনটিও যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মদিন উপলক্ষে বাজারে ছাড়া হবে।
