ট্রাম্প-নেতানিয়াহুর মাথার জন্য ৫ কোটি ইউরো দেবে ইরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করতে যাচ্ছে ইরান।
গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
প্রতিবেদন অনুসারে—এই আর্থিক পুরস্কার নিয়ে ইতোমধ্যে ইরানের পার্লামেন্ট মজলিসে আনুষ্ঠানিক বিল উত্থাপন করা হয়েছে। শিগগির এই প্রস্তাবে ভোট দেবেন আইনপ্রণেতারা।
গত ফেব্রুয়ারিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হন।
মূলত সেসব হত্যার প্রতিশোধ নিতেই ইরানের এমন উদ্যোগ।
‘ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা ব্যবস্থা’ শিরোনামের এই বিলটি ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি তৈরি করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
আজিজি জানান, ইরান ২৮ ফেব্রুয়ারি চালানো হামলার জন্য ট্রাম্প, নেতানিয়াহু ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে দায়ী করে। তাদেরকে অবশ্যই কৃতকর্মের জন্য ‘পাল্টা ও একই পরিণামের’ মুখোমুখি হতে হবে।
পৃথক ঘোষণায় কমিশনের অপর এক সদস্য মাহমুদ নাবাভিয়ান জানান, যে ‘ট্রাম্প ও নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে’, তার জন্য পুরস্কার ঠিক করতে মজলিসে শিগগিরই ভোট গ্রহণ করা হবে।
‘ইরানের বর্তমান নেতা মোজতবা খামেনির জীবনের প্রতিও হুমকি এসেছে,’ উল্লেখ করে তিনি হুশিয়ারি দেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা আবারও শুরু হলে হামলাকারীদের ওপর ‘বিপর্যয়’ নেমে আসবে।
বিলটি মজলিসে পাস হলে তা আইনে পরিণত হবে। সে ক্ষেত্রে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ট্রাম্প অথবা নেতানিয়াহু, যেকোনো একজনকে হত্যা করলেই ৫ কোটি ইউরো পাবে।
টেলিগ্রাফের প্রতিবেদনে ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাত দেওয়া হলেও দেশটির মূলধারার সংবাদমাধ্যমে এমন প্রতিবেদন দেখা যায়নি।
শুধুমাত্র ইরানের সরকারবিরোধী সংবাদমাধ্যম হিসেবে পরিচিত লন্ডনভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল ও আরও কয়েকটি স্বল্প পরিচিত সংবাদমাধ্যম তথ্যটি প্রকাশ করেছে।
টেলিগ্রাফের বরাত দিয়ে ভারতের কয়েকটি গণমাধ্যমেও এই খবর প্রচার করে।
সংবাদ প্রতিবেদন অনুসারে—আগে ধর্মীয় ফতোয়া ও বিভিন্ন প্রচারণা থেকে ‘গুপ্তহত্যার’ আহ্বান জানানো হলেও এবার বিষয়টিকে মজলিসে ভোটের মাধ্যমে আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধবিরতির মধ্যেই মজলিস এই উদ্যোগ নিতে যাচ্ছে।
গত বছর ট্রাম্প বলেছিলেন, যদি ইরান তার বিরুদ্ধে দেওয়া হত্যার হুমকির ওপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নেয় তবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশটিকে ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ জন্য ‘অত্যন্ত কঠোর নির্দেশ’ দেবে।
এটিই ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে ইরানের কর্মকর্তাদের কাছ থেকে আসা সর্বশেষ হুমকি।
পাশাপাশি, ব্যক্তি উদ্যোগেও ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কারের অর্থ সংগ্রহের কার্যক্রম চলছে।
‘ব্লাড কোভেন্যান্ট’ নামের একটি অনলাইন প্রচারণার মাধ্যমে ট্রাম্পকে হত্যার পুরস্কার হিসেবে ইতোমধ্যে ২ কোটি ইউরো জোগাড় হয়েছে বলেও টেলিগ্রাফের প্রতিবেদন থেকে জানা গেছে।


