বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইইউ’র, দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি তেহরানের

স্টার অনলাইন ডেস্ক

সরকারবিরোধী বিক্ষোভ দমনে সহিংস ভূমিকার অভিযোগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভূক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছে ২৭ দেশের পররাষ্ট্রমন্ত্রী।

একইসঙ্গে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও আইআরজিসি'র একাধিক শীর্ষ কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।

আজ বৃহস্পতিবার ব্রাসেলসে ২৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস।

তিনি বলেন, 'যদি কেউ সন্ত্রাসীদের মতো আচরণ করে, তবে তাদের সাথে সন্ত্রাসীর মতোই আচরণ করা উচিত।'

ইরানের আইআরজিসি আল-কায়েদা বা আইএস'র মতো সন্ত্রাসী গোষ্ঠীর সমপর্যায়ের বলে ইঙ্গিত দেন তিনি।

ইইউর সরকারি জার্নালের বরাতে বার্তাসংস্থা এএফপি জানায়, ইরানের মোট ২১টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও শীর্ষ কর্মকর্তাকে সম্পদ জব্দ ও ভিসা নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে ইইউ।

এরমধ্যে ১৫ শীর্ষ কর্মকর্তা ও ৬টি প্রতিষ্ঠান রয়েছে।

ইরানে সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী বিক্ষোভে কঠোর দমন-পীড়নের ঘটনায় ব্যাপক প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইইউ বলছে, এসব ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতেই এই নিষেধাজ্ঞা।

অন্যদিকে 'দাঁতভাঙা জবাব' দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে দেশটির সেনাপ্রধান আমির হাতামি বলেন, 'কোনো আক্রমণের মুখে চুপ করে থাকবেন না তারা।'

ইরান ইতোমধ্যে তাদের সামরিক বহরে এক হাজারটি ড্রোন যুক্ত করেছে।

এরআগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তির ব্যাপারে ইরানকে সতর্ক করে বলেন, 'সময় ফুরিয়ে আসছে।'