যুক্তরাজ্যের জন্য চীনের সঙ্গে চুক্তির বিষয়টি ‘খুবই বিপজ্জনক’: ট্রাম্প
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যখন বেইজিং সফরে রয়েছেন, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যের জন্য চীনের সঙ্গে চুক্তি করার বিষয়টি 'খুবই বিপজ্জনক'। বিবিসির খবরে এমনটি বলা হয়েছে।
বেইজিং সফরে শি জিনপিংয়ের সঙ্গে স্টারমারের বৈঠকের পর ঘোষিত চুক্তিগুলো নিয়ে ট্রাম্প তার প্রতিক্রিয়া জানালেন। এই সফরের লক্ষ্য ছিল দুই দেশের সম্পর্কের উন্নয়ন।
নতুন চুক্তিগুলোর লক্ষ্য হলো দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানো।
চীনের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসায়িক সম্পর্ক বাড়ানো নিয়ে মতামত জানতে চাইলে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের প্রিমিয়ারে ট্রাম্প বলেন, 'ওদের জন্য এটা করা খুবই বিপজ্জনক।'
বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের পর স্টারমার বলেন, চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক এখন 'ভালো ও দৃঢ় অবস্থানে' রয়েছে। তার এই মন্তব্যের পর ট্রাম্পের এমন প্রতিক্রিয়া এলো।
আজ শুক্রবার স্টারমার বলেন, শি জিনপিংয়ের সঙ্গে 'দারুণ বৈঠক' আমাদের প্রত্যাশিত আলাপ-আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বেইজিংয়ে ব্যাংক অব চায়নায় অনুষ্ঠিত যুক্তরাজ্য-চীন বিজনেস ফোরামের এক সভায় বলেন, 'আমরা আন্তরিকভাবে আলোচনা করেছি এবং বাস্তব অগ্রগতি হয়েছে, কারণ যুক্তরাজ্যের দেওয়ার মতো অনেক কিছু রয়েছে।'
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে, যার মধ্যে রয়েছে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি, হুইস্কির ওপর শুল্ক কমানো এবং চীনে উৎপাদন কেন্দ্র গড়তে অ্যাস্ট্রাজেনেকার ১০ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ।
সংগঠিত অপরাধ ও অবৈধ অভিবাসনসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর চুক্তিও ঘোষণা করা হয়েছে।
স্টারমারের বেইজিং সফর 'সফল' বলে মনে করছেন চীনে ব্রিটিশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ক্রিস টরেন্স।
তিনি বিবিসিকে বলেন, 'যুক্তরাজ্যের জন্য চীনের দিকে নজর দেওয়া যৌক্তিক, কারণ এটি তাদের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার।'
তিনি আরও বলেন, 'অন্যান্য পশ্চিমা নেতারাও সম্প্রতি বেইজিং সফর করেছেন বা শিগগিরই করবেন—এপ্রিল মাসে ট্রাম্পও সেখানে যেতে পারেন বলে আশা করা হচ্ছে।'
টরেন্স বলেন, 'যুক্তরাষ্ট্র হয়তো চীনের সঙ্গে চুক্তি করা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করছে, কিন্তু যুক্তরাষ্ট্র নিজেই চীনের সঙ্গে চুক্তি করতে পারে। আসলে আমরা আশা করছি, এটা এ বছরই হবে।'
চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প হুমকি দেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাম্প্রতিক বেইজিং সফরের সময় চীনের সঙ্গে হওয়া অর্থনৈতিক চুক্তি কার্যকর করলে কানাডার ওপর শুল্ক আরোপ করা হবে।
চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পৃক্ততা নিয়ে মন্তব্য করার পর ট্রাম্প বলেন, 'আমার মনে হয়, কানাডার জন্য এটা আরও বেশি বিপজ্জনক।'
তিনি বলেন, 'কানাডার অবস্থা ভালো নয়। তারা খুব বাজে অবস্থায় আছে, এবং সমাধান হিসেবে চীনের ওপর ভরসা করা ঠিক নয়।'