কিশোর মনের চিরন্তন গল্প ‘ছুটি’
বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কিছু ছোটগল্প আছে, যেগুলো পড়ার পর বহুদিন পাঠকের মনে রেশ রয়ে যায়। ‘ছুটি’ তেমনই একটি গল্প। এটি কেবল এক কিশোরের জীবনের কাহিনী নয়; বরং কৈশরের স্বাধীনতা, ভালোবাসা, অভিমান ও একাকীত্বের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পে এমন এক কিশোর চরিত্র সৃষ্টি করেছেন, যাকে বাংলা সাহিত্য ভুলতে পারবে না। সেই কিশোরের নাম ফটিক।
ফটিককে প্রথম দেখায় খুব সাধারণ একটি গ্রামের ছেলে মনে হয়। সে দুরন্ত, চঞ্চল, আর খেলতে ভালো লাগে তার। বন্ধুদের নিয়ে দুষ্টুমি করে বেড়ানোই তার আনন্দ। তার জগত হলো নদীর পাড়, গ্রামের মাঠ, খোলা আকাশ ও হৈচৈ। রবীন্দ্রনাথ খুব অল্প কথায় ফটিকের এই প্রাণবন্ত স্বভাবকে ফুটিয়ে তুলেছেন। তাতেই পাঠকের মনে হয়, সে যেন আমাদের খুব পরিচিত কেউ। হয়তো পাশের বাড়ির কোনো দুরন্ত কিশোর, হয়তো আমাদের নিজের শৈশব।
গল্পের শুরুতেই কাঠের গুঁড়ি গড়িয়ে দেওয়ার ঘটনাটি ফটিকের চরিত্রকে অনেকখানি স্পষ্ট করে তোলে। সেখানে তার নেতৃত্ব দেওয়ার স্বভাবের দেখা মেলে এবং দুষ্টুমি ও শিশুসুলভ আনন্দের বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু এই দুরন্তপনার ভেতরেই লুকিয়ে আছে একটি কোমল মন। রবীন্দ্রনাথ কখনো ফটিককে ‘মন্দ ছেলে’ হিসেবে দেখাননি। বরং তিনি বুঝিয়েছেন, শিশুকিশোরদের স্বাভাবিক এই চঞ্চলতাকে বড়রা অনেক সময় ভুল বোঝে।
ফটিকের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন তাকে গ্রাম থেকে কলকাতায় মামার বাড়িতে পাঠানো হয়। এই ঘটনাটিই পুরো গল্পের আবেগকে আরও বাড়িয়ে তোলে। গ্রামের মুক্ত পরিবেশ থেকে হঠাৎ শহরের ঘরবন্দি জীবনে এসে ফটিক যেন শ্বাস নিতে পারে না। সেখানে নেই নদীর ধারে ছুটে বেড়ানোর স্বাধীনতা, নেই বন্ধুদের সঙ্গে খেলাধুলা, নেই পরিচিত মুখ।চারপাশের মানুষজনও তাকে পুরোপুরি আপন করে নিতে পারে না।
কলকাতার বাড়িতে মামা তাকে ভালোবাসলেও মামি তাকে বাড়তি ঝামেলা হিসেবেই দেখেন। এই অবহেলাবোধ ধীরে ধীরে ফটিককে ভেতর থেকে ভেঙে দেয়। বাড়ির অন্যদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। স্কুলেও সে স্বস্তি পায় না। লেখাপড়ায় মন বসে না, শিক্ষক বকাঝকা করেন, সহপাঠীরাও তাকে আপন মনে করে না। এই একাকীত্বই প্রাণোচ্ছল কিশোরের গল্পকে বেদনায় পরিণত করে।
রবীন্দ্রনাথ এখানে কিশোর মনের চিরন্তন সত্য তুলে ধরেছেন। তারা কেবল খাবার বা পোশাকআশাক চায় না; তারা চায় ভালোবাসা, বোঝাপড়া, স্বাধীনতা। একটি কিশোরকে তার স্বাভাবিক পরিবেশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করলে তার মন কীভাবে ধীরে ধীরে নিঃসঙ্গ হয়ে পড়ে, ‘ছুটি’ গল্পে তা অসাধারণভাবে ফুটে উঠেছে।
ফটিকের মায়ের জন্য আকুলতা গল্পটিকে আরও আবেগী করে তোলে। গ্রামে থাকতে হয়তো সে মায়ের অভাব বুঝতে পারেনি। কিন্তু শহরের একাকী জীবনে এসে মায়ের স্নেহের অভাব সে বুঝতে পারে। তার মনে পড়ে গ্রামের বাড়ি, নদীর ধারে ছুটে বেড়ানো, পরিচিত পরিবেশ। আর দিনশেষে মায়ের কোলে মাথা রেখে ঘুমানোর দিনগুলো। সে যেন প্রতিনিয়ত ফিরে যেতে চায় নিজের জগতে।
গল্পটির নাম ‘ছুটি’, কিন্তু এই ছুটি শব্দের অর্থের গভীরতা ব্যাপক। এটি শুধু স্কুলের ছুটি নয়। ফটিকের কাছে ছুটি মানে সব কষ্ট থেকে মুক্তি। শহরের বন্দী জীবন থেকে মুক্তি। একাকীত্ব থেকে মুক্তি। নিজের আপন পৃথিবীতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা। রবীন্দ্রনাথ খুব সূক্ষ্মভাবে শব্দটিকে প্রতীকী অর্থে ব্যবহার করেছেন।
গল্পের শেষ অংশ পাঠককে খুব বেশি আবেগী করে তোলে। অসুস্থ ফটিক জ্বরে কাতর হয়ে কেবল বাড়ি ফিরতে চায়। জ্বরের ঘোরে বারবার মায়ের কাছে ফেরার কথা বলে। যেন তার সব আকাঙ্ক্ষা গিয়ে মিশে থাকে মায়ের কাছে ফিরে যাওয়ার ইচ্ছেতে।
অবশেষে মা যখন আসে, তখন ফটিক বলে, ‘মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি।’
এই কয়েকটি শব্দের ভেতরে লুকিয়ে আছে গভীর বেদনা, যা পাঠকের হৃদয় নাড়িয়ে দেয়। এখানে ‘বাড়ি যাওয়া’ কেবল গ্রামের বাড়িতে ফিরে যাওয়া নয়; যেন জীবনের সমস্ত ক্লান্তি ও কষ্ট থেকে মুক্তি পাওয়া।
‘ছুটি’ গল্পের সবচেয়ে বড় শক্তি হলো মানবিকতা। রবীন্দ্রনাথ বুঝিয়েছেন শিশুকিশোরদের অভিমান আছে, ভয় আছে, একাকীত্ব আছে। বড়দের অবহেলা তাদের মনকে আহত করে। তাদের পৃথিবীকে বিষিয়ে তোলে।
রবীন্দ্রনাথের ‘ছুটি’ গল্পটি আজও সমান প্রাসঙ্গিক। এখনকার কিশোররাও পড়ার চাপ, মানসিক একাকীত্ব, পরিবার থেকে দূরত্ব কিংবা অবহেলার শিকার হয়। অনেক সময় বড়রা তাদের অনুভূতিকে গুরুত্ব দেয় না। ‘ছুটি’ আমাদের সে কথাই মনে করিয়ে দেয়। মনে করিয়ে দেয়, কিশোর মন খুব কোমল, তাকে বোঝা প্রয়োজন।
ফটিক চরিত্রটি বাংলা সাহিত্যে চিরকাল বেঁচে থাকবে, কারণ সে শুধু একটি গল্পের চরিত্র নয়; সে প্রতিটি কিশোরের প্রতীক। তার হাসি, দুষ্টুমি, অভিমান ও শেষের সেই করুণ আকুতি পাঠকের হৃদয়ে গেঁথে থাকবে অনেক অনেক বছর।