গরুর দুধে মেশানো হচ্ছিল জেলি, তেল ও সোডা, ৬ জনের কারাদণ্ড
গরুর দুধের সঙ্গে জেলি, ভোজ্যতেল ও সোডা মিশিয়ে তৈরি করা হচ্ছিল কৃত্রিম ও ভেজাল দুধ। কেশবপুর উপজেলার একটি চক্র দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালাচ্ছিল।
এই চক্রের ছয় সদস্যকে হাতেনাতে ধরেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুনের নেতৃত্বে সোমবার রাতে কেশবপুরের পাথরঘাটা গ্রামে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পাথরঘাটা গ্রামের ঘোষপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ চক্র গরুর দুধের পরিমাণ বাড়াতে এবং ঘন দেখাতে এর সঙ্গে জেলি, তেল ও সোডা মেশাচ্ছিল। এই ভেজাল দুধ তারা বাজারে খাঁটি দুধ বলে দাবি করে বিক্রি করছিল।
চক্রটির বিরুদ্ধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা সোমবার রাতে যৌথ অভিযান চালান। অভিযানে দুধে জেলি, তেল ও সোডা মেশানোর প্রমাণ পাওয়া যায়।
অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মিলন ঘোষ (৩০), অরূপ ঘোষ (২৯), স্বপন ঘোষ (৬৮), রামপ্রসাদ ঘোষ (২৯) ও বুদ্ধদেব ঘোষকে (২৮) এক লাখ টাকা করে জরিমানা এবং এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া পার্থ ঘোষ (১৯) নামের আরেক জনকে এক লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানের সময় বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়। এ সময় যশোরের ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।