উচ্ছেদ নিয়ে আনসার-হকার পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৮

নিজস্ব সংবাদদাতা, সাভার

সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) গেটের সামনের ফুটপাত দখলমুক্ত করার সময় হকারদের সঙ্গে আনসার সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে। একপর্যায়ে হকাররা সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

আজ রোববার ৯টার দিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ ঘটনা ঘটে।

বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

ডিইপিজেড কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইপিজেডের গেটের সামনের মহাসড়কের ফুটপাত দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছেন হকাররা। নির্বিঘ্ন যাতায়াত, নিরাপত্তা, দেশি-বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর সড়ক ও জনপথ অধিদপ্তর ফুটপাত দখলমুক্ত করতে সেখানে অভিযান চালায়।

তারা জানান, এরপর আবার হকাররা ফুটপাত দখল করে। এরপর ফুটপাতের সংস্কার কাজ করার জন্য আজ রোববার সকাল ৯টার দিকে সেখানে সড়কের সীমানা নির্ধারণের চেষ্টা করে ডিইপিজেড কর্তৃপক্ষ। সেসময় হকাররা জড়ো হয়ে ডিইপিজেডের আনসার সদস্যরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে উভয়ের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেলের নিক্ষেপের ঘটনা ঘটে। ১১টার দিকে হকাররা মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। ১২টার দিকে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে তাদের সরিয়ে দেয়।

হকারদের দাবি, আনসার সদস্যরা তাদের ওপর অন্যায় হামলা চালিয়েছে। হামলায় ২ নারীসহ অন্তত ৪ হকার আহত হয়েছে।

শরীফুল ইসলাম নামে এক হকার ডেইলি স্টারকে বলেন, 'আমাদের দোকানপাট করতে দেওয়া হচ্ছে না। তাই আমরা সড়কে নেমেছি।'

ডিইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখানে দেশি-বিদেশি বিনিয়োগকারী, বায়ার আসেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনের সড়কের দুপাশে অবৈধভাবে হকারেরা দোকানপাট বসিয়েছেন। তাদের কারণে সড়কে যানজট লেগে থাকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হলেও তারা আবারও ভাসমান দোকানপাট বসাচ্ছেন।'

'আজ ফুটপাতের জায়গা চিহ্নিত করে দখলমুক্ত রাখা এবং সংস্কার করে চলাচল নির্বিঘ্ন করতে সীমানা নির্ধারণ করতে গেলে হকাররা বাঁধা দেয়। তারা সড়কও অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,' বলেন তিনি।

ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৪ আনসার সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।

ওসি তরিকুল ইসলাম বলেন, 'সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সড়ক অবরোধ করা হকারদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।'

যোগাযোগ করা হলে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'উপজেলা প্রশাসন থেকে সেখানে অভিযান হয়নি। ডিইপিজেড কর্তৃপক্ষ আনসার সদস্যদের নিয়ে নিজেরাই হকারদের সরাতে গিয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জেনেছি।'