‘বাসা থেকে বের হলে ভয় লাগে, নিরাপদে চলাফেরা করতে চাই’
রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নুজহাত বলেন, বাসা থেকে যখন বের হই, স্কুলে যাই, বাসায় ফিরি—ভয় লাগে। আমরা সব মেয়েরা মুক্তভাবে নিরাপদে সব জায়গায় ঘুরে বেড়াতে চাই।
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে হত্যা ও ধর্ষণের প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের সি-ব্লকে এই মানববন্ধনের আয়োজন করে পল্লীমা সংসদ।
মাননবন্ধনে নুজহাত বলেন, ‘নাগরিক হিসেবে পত্রিকার পাতায় ধর্ষণের খবর পড়া আমাদের জন্য লজ্জাজনক। এসব খবর ও ছবি বিদেশেও যায়, যা আরও লজ্জার। আমাদের আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে দাবি, ওই শিশু হত্যাকাণ্ডে জড়িতের যেন দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার হয়।’
পল্লীমা সংসদের সভাপতি আনিসুর রহমান লিটন বলেন, ‘পল্লবীর শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার দায় রাষ্ট্রকে নিতে হবে। দ্রুততম সময়ে বিচারকার্য সম্পন্ন করতে হবে এবং সমাজের প্রতিটি ধর্ষণের ঘটনায় আমাদের সবাইকে সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে যেন। এ ধরনের অন্যায় অনৈতিক ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে।’
রাজধানীর এলাকাভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে ধর্ষণের প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আনিসুর রহমান লিটন বলেন, ‘সামাজিক মূল্যবোধের যে অবক্ষয় বর্তমানে চলছে, প্রত্যেক এলাকায় এই মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেতনতামূলক কার্যক্রম নিতে হবে।’
সকাল ১১টায় এই মানববন্ধন শুরু হয়ে শেষ হয় ১২টা ১০ মিনিটে। এতে পল্লীমা মহিলা পরিষদ, পল্লীমা স্বাস্থ্যসেবা, পল্লীমা গ্রীন, খিলগাঁও ব্যবসায়ী ওউনার্স অ্যাসোসিয়েশনসহ আটটি অঙ্গ সংগঠনের সদস্য, স্থানীয় বাসিন্দাসহ প্রায় ২০০ জন অংশ নেয়।