সোহরাওয়ার্দী কলেজের সামনে জবি ইনকিলাব মঞ্চ সভাপতিসহ ৭ জনের ওপর হামলার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জবি ইনকিলাব মঞ্চের সভাপতি নূর মোহাম্মদসহ ৭ জনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোহরাওয়ার্দী কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার নূর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল আমাদের ক্যাম্পাসে সংঘর্ষে আহত ইনকিলাব মঞ্চের এক আপুকে দেখতে যাচ্ছিলাম। সোহরাওয়ার্দী কলেজের সামনে ফল কিনে আমরা ৭ জন অপেক্ষা করছিলাম। সেসময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম ২০-২৫ জন নিয়ে আমাদের ঘিরে ধরেন। পরে লাঠি ও কাঠের টুকরো নিয়ে আমাদের ওপর হামলা চালায়।'

জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল গ্রুপের ইশারায় এ হামলা হয় বলে অভিযোগ তার।

হামলার শিকার জবি ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন তাসিন বলেন, 'তারা নূর ভাইকে টার্গেট করে প্রথমে সিঁড়ির ওপর ফেলে মাথা, হাত ও পায়ে পেটায়। হামলায় রাকিব, আলফাজ ও আবু বকর আহত হয়েছেন এবং তারা চিকিৎসাধীন আছেন।'

অভিযোগের বিষয়ে জানতে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল সভাপতি জসিম উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল ডেইলি স্টারকে বলেন, 'বিকেলে কলেজে কেউ থাকার কথা না। তবে আমি খোঁজ নিয়ে দেখব।'

যোগাযোগ করা হলে জবি প্রক্টর অধ্যাপক ড নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি অত্যন্ত দুঃখজনক যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। এ বিষয়ে আমাদের প্রশাসনিকভাবে যা করণীয় আমরা করব।'