ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জবি ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন।
আজ রোববার দুপুর দেড়টার দিকে ক্যাম্পাস সংলগ্ন ভিক্টোরিয়া পার্ক এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত।
আহতরা হলেন—অর্থনীতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাসুদ, ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আসিফ ও লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইমন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর রাতে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিক জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্টকে কেন্দ্র করেই সহিংসতার সূত্রপাত। তবে আজ কীভাবে তা বড় সংঘর্ষে রূপ নিলো তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভিক্টোরিয়া পার্কের একটি চা স্টলের পাশে সংঘর্ষ শুরু হয় পরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজনকে রড ও পাইপ নিয়ে হামলা চালাতে দেখা যায়।
আরেফিনের অনুসারীদের বিরুদ্ধে উসকানিমূলক হামলার অভিযোগ তুলেছেন অনিক। সাংবাদিকদের তিনি বলেন, 'সদস্য সচিবের অনুসারী কয়েকজন শিক্ষার্থী ও বহিরাগতরা ভিক্টোরিয়া পার্ক গেটের কাছে চা খাওয়ার সময় আমাদের কয়েকজনের ওপর অতর্কিত হামলা চালায়।'
'তারা গতকাল রাতে আমাদের মারধরের হুমকি দিয়েছিল। আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছিলাম,' বলেন তিনি।
এ বিষয়ে মন্তব্যের জন্য জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনকে সন্ধ্যায় ফোন করা হলে তিনি বলেন, 'আমি মিটিংয়ে আছি, পরে কথা বলব।'
যোগাযোগ করা হলে জবি প্রক্টর অধ্যাপক ড. আজম খান জানান, পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি বলেন, 'দুই গ্রুপের বিষয়ে জানি না। তবে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা পুলিশ ডেকেছিলাম এবং পরিস্থিতি এখন অনেকটাই শান্ত।'