জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের জবি সংবাদদতা জানান, ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে শিবিরের একদল নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

এ ঘটনায় জবি ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আলিম আরিফ, জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছালে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

তারা আরও জানান, সংঘর্ষের পর ছাত্রদলের নেতাকর্মীরা শিবির সদস্যদের ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান দুপুর ১টা ২০ মিনিটের দিকে দ্য ডেইলি স্টারকে জানান, সংঘর্ষের পর ক্যাম্পাস ও এর আশপাশের পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

গতকাল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' প্রদর্শনীতে একটি ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হন।

বিস্তারিত আসছে...