‘হয়তো আমাদের কপালের দোষ’, মিরপুরের উইকেট নিয়ে ক্রিকেটারদের হতাশা
আদর্শ টি-টোয়েন্টির প্রস্তুতি বিবেচনায় এমন উইকেট পাওয়ার দায় আসলে কার? প্রশ্নটা শুনে কী উত্তর দেবেন, তা নিয়ে খানিকটা ভাবছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রশ্নকর্তাই তাঁকে উত্তরটা সহজ করে দিয়ে যখন বললেন, 'এটা কি আপনাদের কপালের দোষ?' শান্তও সেই সুর ধরে বললেন, 'আসলেই হয়ত আমাদের কপালের দোষ, না হলে হয়ত ভালো উইকেট পেতাম আরেকটু।'
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে দুর্নাম অনেক দিনের। মন্থর উইকেটে বেশিরভাগ সময় বোলাররাই প্রাধান্য বিস্তার করেন। এমন উইকেটে খেলে বাংলাদেশের ব্যাটারদের ক্ষতি হচ্ছে বলে অনেকবারই বলেছেন ক্রিকেটাররা। উইকেট বিতর্কের জেরে দীর্ঘ সময় দায়িত্বে থাকা গামিনি ডি সিলভাকে সরিয়ে কিউরেটরের দায়িত্বে আনা হয় অস্ট্রেলিয়ান টনি হেমিংকে। কিন্তু তাতেও বদলায়নি তেমন কিছু। উইকেট নিয়ে ম্যাচ হেরে শান্তর মতো কড়া সমালোচনা করেছেন লিটন দাসও। তবে ম্যাচ জিতেও উইকেট আদর্শ নয় বলে স্পষ্ট মন্তব্য করেছেন শেখ মেহেদী। তাঁর মতে, 'কিউরেটর বদল হলেও উইকেটের বদল হয়নি।'
বিপিএলের প্লে-অফে মঙ্গলবার যে দুটি ম্যাচ হয়েছে, দুটোরই স্কোর ছিল বেশ কম। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের ১১১ রান টপকাতে গিয়ে শেষ বলে ছক্কা মেরে জিততে হয়েছে সিলেট টাইটান্সকে। রাতের শিশির ভেজা মাঠেও রাজশাহী ওয়ারিয়র্সের ১৩৩ রান তাড়ায় চট্টগ্রাম রয়্যালসকে জিততে খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত।
এবার বিপিএলের বেশিরভাগ ম্যাচই হয়েছে সিলেটে। ঢাকায় কেবল হচ্ছে শেষ ধাপের ম্যাচ। উইকেট যথেষ্ট বিশ্রাম পাওয়ার পরও দেখা নেই রানের। লিটনের মতে, 'টি-টোয়েন্টির জন্য এটি কোনোভাবেই আদর্শ উইকেট নয়। কোয়ালিফায়ার ম্যাচে আরও ভালো উইকেট প্রত্যাশা করেছিলাম। উইকেট অনেক কঠিন ছিল, দুই দলই সংগ্রাম করেছে।'
একরাশ হতাশা নিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, 'দেখুন, কোয়ালিফায়ার বা ডু-অর-ডাই ম্যাচে উইকেট যদি সম্পূর্ণ বোলারের ফেভারে থাকে, তবে সেটা ক্রিকেটের জন্য ভালো নয়। উইকেট আরও ভালো হওয়া উচিত ছিল যাতে খেলাটা ক্রিকেটের মতো হয়।'
একই মন্তব্য শান্তরও। এমন উইকেট টি-টোয়েন্টির জন্য আদর্শ মনে করেন না তিনি। তাঁর ভাষায়, 'ব্যাটসম্যান হিসেবে আমার মনে হয় যে, এটি টি-টোয়েন্টি সুলভ উইকেট নয়। খুবই কঠিন, বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। যদি পুরো ৪০ ওভারের ব্যাটিং দেখেন, প্রত্যেকটা ব্যাটসম্যান ভুগেছে—দেশি-বিদেশি সবাই। এখানে শটস খেলা যাচ্ছিল না। ব্যাটিং এবং বোলিং দুই দিক থেকেই আরেকটু ভালো উইকেট আমরা আশা করতেই পারি।'
ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগে আজ সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী। উইকেটের চিন্তা তাই নিয়তির হাতেই ছেড়ে দিচ্ছেন শান্ত, 'কালকে (আজ) যেরকম পাব, ওরকমই আসলে খেলতে হবে। কপালে যা আছে তা-ই। আল্লাহর নাম নিয়ে খেলতে নামব।'
অফ স্পিনিং অলরাউন্ডার হওয়ায় মন্থর উইকেট বেশ সহায়ক ছিল শেখ মেহেদীর জন্য। রাজশাহীর বিপক্ষে ৪ ওভারে ২০ রান দিয়ে তিনি নেন ২ উইকেট। তাঁর দলও উঠেছে ফাইনালে। তবে জিতেও মিরপুরের উইকেটের পক্ষে সায় দিলেন না মেহেদী। কিউরেটর বদল হলেও উইকেট যে বদলায়নি, সেই আক্ষেপ ঝরল তাঁর কণ্ঠেও, 'আসলে এটি টি-টোয়েন্টি ঘরানার উইকেট ছিল না। সিলেটে লম্বা সময় খেলার কারণে এমন হতে পারে। তবে আশা করছিলাম এবার আরও ভালো উইকেট হবে। যেহেতু কিউরেটর বদল হয়েছে, সবার প্রত্যাশা ছিল যে টি-টোয়েন্টিতে যে ধরনের উইকেট হয়, সেরকম পাব। কিন্তু তা হয়নি। সেদিক থেকে আমরা হতাশ।'