বিশ্বকাপ উদযাপনে মেক্সিকোতে প্রাণ গেল অন্তত দুজনের

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ১৯৮৬ সালের পর প্রথমবার নকআউট পর্বে জয়ের আনন্দে যখন উৎসবে মেতেছিল গোটা মেক্সিকো, তখন সেই উল্লাসই রূপ নেয় মর্মান্তিক ঘটনায়। রাজধানী মেক্সিকো সিটিতে বিজয় উদযাপনের সময় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সরকারের বরাত দিয়ে জানানো হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী এবং ৪৪ বছর বয়সী এক ব্যক্তি। মেক্সিকো সিটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের মধ্যে শ্বাসরোধ (অ্যাসফিক্সিয়া) হয়ে তাদের মৃত্যু হয়েছে।

এদিকে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম আরও একজনের মৃত্যুর খবর প্রকাশ করলেও, সেই তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

মঙ্গলবার শেষ বত্রিশের ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নেয় স্বাগতিক মেক্সিকো। ঐতিহাসিক এই সাফল্যের পর রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসে লাখো সমর্থক।

শহর প্রশাসনের হিসাব অনুযায়ী, মেক্সিকো সিটির রাস্তায় এক মিলিয়নেরও বেশি মানুষ বিজয় উৎসবে অংশ নেন। বিশেষ করে বিখ্যাত অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে সবচেয়ে বড় জনসমাগম দেখা যায়।

ঐতিহাসিক জয়ের আনন্দে গোটা দেশ উচ্ছ্বাসে ভাসলেও, প্রাণহানির এই ঘটনা সেই উদযাপনে শোকের ছায়া ফেলেছে।