'নিজেদের ভুলেরই কঠিন মূল্য দিতে হয়েছে'—আক্ষেপ আলজেরিয়া কোচের
বিশ্বকাপের শেষ বত্রিশে সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে আলজেরিয়া। ম্যাচ শেষে হতাশ আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেতকোভিচ বলেছেন, পুরো দল মিলে রক্ষণে করা ভুলগুলোরই চড়া মূল্য দিতে হয়েছে তাদের। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, শেষ পর্যন্ত তারা হেরেছেন ভালো দলের কাছেই।
বৃহস্পতিবারের ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিল সুইজারল্যান্ড। ম্যাচের ১০ মিনিটেই দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রিল এমবোলো। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পরপরই ব্যবধান দ্বিগুণ করেন দান এনদোয়ে। সেই দুই গোলই শেষ পর্যন্ত আলজেরিয়ার বিশ্বকাপ যাত্রার ইতি টেনে দেয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেতকোভিচ বলেন, 'আমি এটাকে শুধু রক্ষণভাগ কিংবা ডিফেন্ডারদের দোষ বলব না। তবে দল হিসেবে যেভাবে আমরা রক্ষণ সামলেছি, তার জন্য আমাদের খুব বড় মূল্য দিতে হয়েছে।'
'প্রথম ভুলটি করার পরই প্রতিবার আমরা গোল হজম করেছি। প্রতিপক্ষ তিনটি সুযোগ তৈরি করেছিল, তার মধ্যে দুটি থেকেই গোল করেছে। অথচ সুযোগ আমাদেরই বেশি ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফুটবল এমনই,' যোগ করেন তিনি।
৬২ বছর বয়সী পেতকোভিচের সঙ্গে সুইস ফুটবলের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি টানা সাত বছর সুইজারল্যান্ড জাতীয় দলের কোচও ছিলেন। তাই সাবেক দলের বিপক্ষে হারটা তার জন্য ছিল আরও বেশি কষ্টের।
বিশ্বকাপের মঞ্চে প্রতিদ্বন্দ্বিতার মান তাদের জন্য বড় এক পরীক্ষা ছিল জানিয়ে বলেন, 'বিশ্বকাপে আসার আগে আমরা খুব ভালো রক্ষণ করেছি এবং খুব বেশি গোলও হজম করিনি। কিন্তু এই টুর্নামেন্টে প্রতিযোগিতার মান অনেক উঁচু। তাই আমাদের আরও নিখুঁত হতে হতো এবং এই মানের সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নিতে হতো।'
তবে বিদায়ের হতাশার মধ্যেও নিজের দলের অর্জনকে ছোট করে দেখতে চান না আলজেরিয়া কোচ, '১২ বছর পর আবার এমন একটি টুর্নামেন্টে ফিরতে পারাটাই ছিল বড় সাফল্য। আর আমাদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব পেরোনোও দারুণ একটি অর্জন।'
দলকে আরও এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি, 'অবশ্যই আমরা আরও একটু এগোতে চেয়েছিলাম। কিন্তু সেটা সম্ভব হয়নি, আমাদের যেসব দুর্বলতা এই টুর্নামেন্টে প্রকাশ পেয়েছে, সেগুলো থেকে শিক্ষা নিতে হবে। একই সঙ্গে ম্যাচগুলোতে আমাদের অনেক ইতিবাচক দিকও ছিল। সেগুলো নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।'