পর্দা নিয়ে শিক্ষার্থীকে মন্তব্য, ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি

নিজস্ব সংবাদদাতা, ঢাবি

পোশাক নিয়ে এক নারী শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক সহযোগী অধ্যাপককে পাঠদান কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিভাগের চেয়ারপারসন অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, আজ বিভাগের জরুরি একাডেমিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিষয়টি পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। তবে কোনো শিক্ষকের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত বা তাকে অব্যহতি দেওয়ার এখতিয়ার বিভাগের নেই।

তাজিন আজিজ বলেন, ওই শিক্ষকের কোর্সগুলো এরই মধ্যে বিভাগের অন্য শিক্ষকদের মধ্যে বণ্টন করা হয়েছে। বিভাগের সভায় একটি প্রস্তাবও গ্রহণ করা হয়। এতে অভিযোগটিকে দুঃখজনক উল্লেখ করে বলা হয়, অভিযোগে ওঠা মন্তব্য বিভাগের মূল্যবোধ ও চর্চার প্রতিফলন নয়।

‘ওই মন্তব্য শিক্ষকের ব্যক্তিগত মতামত, বিভাগের নয়,’ বলেন তাজিন আজিজ। তবে অভিযোগের বিস্তারিত জানাতে তিনি রাজি হননি।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।’

দ্য ডেইলি স্টারের হাতে আসা একটি ভিডিওতে ওই শিক্ষার্থী ও তার এক বন্ধুর বক্তব্য রয়েছে। সেখানে অভিযোগ করা হয়, পর্দা করায় ওই শিক্ষক শিক্ষার্থীকে আসন পরিবর্তন করতে বলেছিলেন। শিক্ষার্থী আরও অভিযোগ করেন, শিক্ষক তাকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলেছিলেন। তার বন্ধুও একই ধরনের অভিযোগ করেন।

তবে দ্য ডেইলি স্টার স্বাধীনভাবে এসব অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ওই শিক্ষকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।