ছোট প্রতিষ্ঠানে বড় পদ, নাকি বড় প্রতিষ্ঠানে ছোট পদ?

জ
জারীন তাসনিম

চাকরি বদলানোর সময় অনেকেই একটি দ্বিধায় পড়েন। ছোট একটি প্রতিষ্ঠান বেশ বড় একটি পদ দিতে চাইছে। হয়তো ম্যানেজার বা টিম লিড। অন্যদিকে বড় ও পরিচিত একটি প্রতিষ্ঠানে কাজের সুযোগ এসেছে, কিন্তু পদটি তুলনামূলক ছোট। বেতনে হয়তো খুব বেশি পার্থক্য নেই। এমন পরিস্থিতিতে কোন চাকরিটি বেছে নেবেন?

ছোট প্রতিষ্ঠানের বড় পদ আর বড় প্রতিষ্ঠানের ছোট পদ, দুটিরই কিছু সুবিধা আছে। তাই শুধু পদের নাম কিংবা প্রতিষ্ঠানের নাম কতটা পরিচিত, তা দেখে সিদ্ধান্ত না নিয়ে আরও কয়েকটি বিষয় ভাবা দরকার।

ছোট প্রতিষ্ঠানে বড় পদে কী পাওয়া যায়?

ছোট প্রতিষ্ঠানে বড় পদে কাজ করার বড় সুবিধা হলো বেশি দায়িত্ব নেওয়ার সুযোগ। কর্মী কম থাকায় সেখানে একজনকে নিজের নির্দিষ্ট কাজের বাইরেও অনেক কিছু করতে হয়। ধরা যাক, ছোট একটি প্রতিষ্ঠানে আপনি মার্কেটিং ম্যানেজার হিসেবে যোগ দিলেন। পাঁচজনের একটি টিম সামলানোর পাশাপাশি নতুন প্রচারণার পরিকল্পনা করা, ক্লায়েন্টের সঙ্গে মিটিং করা, খরচের হিসাব রাখা কিংবা কাজের ফলাফল দেখার দায়িত্বও আপনার। ফলে অল্প সময়ের মধ্যেই অনেক ধরনের কাজ শেখার সুযোগ হতে পারে।

ছোট প্রতিষ্ঠানে নিজের কাজের প্রভাবও অনেক সময় সরাসরি দেখা যায়। আপনার কোনো পরিকল্পনায় বিক্রি বাড়ল কিংবা নতুন কোনো উদ্যোগ ভালো ফল দিলো, সেটি সহজেই বোঝা যায়। নিজের আইডিয়া নিয়ে কাজ করার স্বাধীনতাও তুলনামূলক বেশি থাকতে পারে।

তবে শুধু বড় পদের নাম দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। দশজনের একটি প্রতিষ্ঠানে ‘হেড অব মার্কেটিং’ আর কয়েকশ কর্মীর প্রতিষ্ঠানে একই পদের দায়িত্ব এক নয়। তাই পদের নামের চেয়ে আপনি আসলে কী কাজ করবেন, কতটা দায়িত্ব পাবেন এবং কী শিখবেন, সেগুলো বেশি গুরুত্বপূর্ণ।

বড় প্রতিষ্ঠানে ছোট পদ কেন বেছে নেবেন?

বড় ও পরিচিত প্রতিষ্ঠানে কাজ করার একটি সুবিধা হলো সেই অভিজ্ঞতা আপনার সিভিতে বাড়তি গুরুত্ব যোগ করতে পারে। বিশেষ করে ক্যারিয়ারের শুরুতে পরিচিত কোনো প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা পরে অন্য চাকরির সুযোগ পেতে সাহায্য করতে পারে।

বড় প্রতিষ্ঠানে কাজের ধরনও সাধারণত বেশ গোছানো থাকে। সেখানে অভিজ্ঞ মানুষের সঙ্গে কাজ করা, প্রশিক্ষণ পাওয়া এবং বড় প্রজেক্টে যুক্ত হওয়ার সুযোগ থাকতে পারে। ধরা যাক, বড় একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে আপনি নতুন বিশ্লেষক হিসেবে যোগ দিলেন। পদটি হয়তো খুব বড় নয়। কিন্তু সেখানে অভিজ্ঞ সহকর্মীদের সঙ্গে কাজ করছেন, বড় প্রজেক্ট দেখছেন এবং এমন কিছু কাজ শিখছেন, যেগুলোর সুযোগ ছোট প্রতিষ্ঠানে হয়তো সহজে পেতেন না। দুই বছর পর চাকরি বদলাতে চাইলে এই অভিজ্ঞতাগুলোই কাজে আসবে।

আরেকটি সুবিধা হলো পরিচিতি তৈরি করা। বড় প্রতিষ্ঠানে বিভিন্ন টিমের অনেক মানুষের সঙ্গে কাজ করার সুযোগ হয়। এই পরিচিতিগুলো পরে নতুন চাকরি, নতুন কাজ কিংবা অন্য কোনো সুযোগের ক্ষেত্রেও কাজে আসতে পারে।

তাহলে কোনটি?

এই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে কিছু প্রশ্ন করুন।

ক্যারিয়ারের কোন পর্যায়ে আছেন?

সিদ্ধান্ত নেওয়ার সময় এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারের একেবারে শুরুতে থাকলে বড় পদের চেয়ে শেখার সুযোগ অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ। প্রথম চাকরিতেই ম্যানেজার হওয়ার চেয়ে এমন জায়গায় কাজ করা ভালো হতে পারে, যেখানে একজন অভিজ্ঞ ম্যানেজারের সঙ্গে কাজ করে শেখার সুযোগ আছে।

আবার কয়েক বছর কাজ করার পর যদি মনে হয় এবার টিম সামলানো বা সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা দরকার, তাহলে ছোট প্রতিষ্ঠানের বড় পদটি কাজে আসতে পারে। কারণ সেখানে নেতৃত্ব দেওয়ার সুযোগ তুলনামূলক দ্রুত পাওয়া যেতে পারে।

শুধু বেতন দেখলে হবে না

দুটি চাকরির মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সময় বেতন অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু মাস শেষে কত টাকা পাবেন, সেটাই পুরো হিসাব নয়। বড় প্রতিষ্ঠান হয়তো কিছুটা কম বেতন দিচ্ছে, কিন্তু স্বাস্থ্যবিমা, বোনাস, বেতনসহ ছুটি, প্রশিক্ষণ বা অন্য সুবিধা বেশি দিচ্ছে। আবার ছোট প্রতিষ্ঠান বেশি বেতন দিলেও চাকরির নিশ্চয়তা কম হতে পারে।

কাজের সময়ও গুরুত্বপূর্ণ। বড় পদ নিয়ে যদি প্রতিদিন অনেক বেশি সময় কাজ করতে হয়, তাহলে বেশি বেতনের বিনিময়ে আপনি আসলে কী দিচ্ছেন, সেটিও ভাবতে হবে।

দুই বছর পর আপনার সিভিতে কী থাকবে?

চাকরি নেওয়ার আগে নিজেকে একটি সহজ প্রশ্ন করতে পারেন, ‘এই জায়গায় দুই বছর কাজ করার পর আমার সিভিতে নতুন কী যোগ হবে?’ ছোট প্রতিষ্ঠানে বড় পদ নিয়ে যদি দুই বছর পর বলতে পারেন, একটি টিম সামলেছেন, নতুন কোনো কাজ শুরু করেছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন কিংবা প্রতিষ্ঠানের আয় বাড়াতে ভূমিকা রেখেছেন, তাহলে সেই অভিজ্ঞতার মূল্য আছে। একইভাবে বড় প্রতিষ্ঠানে ছোট পদে থেকেও যদি বড় প্রজেক্টে কাজ করেন, নতুন কিছু শেখেন এবং অভিজ্ঞ মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পান, সেটিও ভবিষ্যতে কাজে আসবে।

সমস্যা তখনই, যখন ছোট প্রতিষ্ঠানের চাকরিটি আপনাকে শুধু বড় একটি পদের নাম দিচ্ছে, কিন্তু সেই পদের সঙ্গে মিল রেখে দায়িত্ব বা শেখার সুযোগ দিচ্ছে না। আবার বড় প্রতিষ্ঠানের নাম সিভিতে থাকবে বলেই সেখানে যাওয়া উচিত, এমনও নয়। দিনের পর দিন একই কাজ করে গেলে শুধু প্রতিষ্ঠানের পরিচিত নাম দিয়ে খুব বেশি দূর এগোনো কঠিন।

তাই সিদ্ধান্ত নেওয়ার সময় প্রতিষ্ঠানের আকার বা পদের নামের চেয়ে কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজুন। কোথায় বেশি শিখতে পারবেন? কোথায় ভালো মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন? কোন চাকরিতে সত্যিকারের দায়িত্ব থাকবে? দুই বা তিন বছর পর কোন অভিজ্ঞতাটি আপনাকে পরের ধাপে যেতে সাহায্য করবে?