ধানমন্ডিতে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দম্পতি গ্রেপ্তার

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর ধানমন্ডিতে নিজেদের ফ্ল্যাটে গৃহকর্মীকে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন, ফ্ল্যাটের মালিক নাসিরুল হক সিদ্দিকী ও তার স্ত্রী শাহনাজ সিদ্দিকী।

আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল ইসলাম তায়েব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রাতে পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

তায়েব বলেন, ‘প্রাথমিক তদন্তে নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ইতোমধ্যে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

পুলিশ জানায়, ওই গৃহকর্মীর বাড়ি নীলফামারী জেলায়।

তার পরিবারের সদস্যদের অভিযোগ, নাসিরুল বাসায় তিনি গত দুই বছর ধরে নিয়মিত শারীরিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।