রিয়ালকে বিদায় করা আলবেসেতেকে হারিয়ে সেমিফাইনালে বার্সা

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদকে বিদায় করে আগের রাউন্ডে চমক দেখানো আলবেসেতে এবারও স্বপ্ন দেখেছিল আরেকটি মহাকাব্যের। তাই ম্যাচটি যে সহজ হবে না তা আগেই ধারণা ছিল। শেষ পর্যন্ত ঘাম ঝরিয়েই জিততে হয়েছে বার্সেলোনাকে। অভিজ্ঞতা, নিয়ন্ত্রণ আর তরুণ প্রতিভার ঝলকেই জয় তুলে নেয় হান্সি ফ্লিকের দল।

কোপা দেল রে ম্যাপফ্রে টুর্নামেন্টে কঠিন লড়াইয়ের ম্যাচে আলবেসেতেকে গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে এফসি বার্সেলোনা। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় পর কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে বার্সার আগমন ঘিরে ছিল উৎসব মুখর পরিবেশ ঐতিহাসিক উত্তেজনা।

ম্যাচের শুরু থেকেই আলবেসেতে সাহসী ফুটবল খেললেও ধীরে ধীরে বলের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পাচ্ছিল না ব্লাউগ্রানা। তবে বিরতির ঠিক আগে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন লামিন ইয়ামাল। আলবেসেতের বিল্ড-আপে বল কেটে নিয়ে ডি ইয়ংয়ের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন তিনি। এটি ছিল ইয়ামালের শেষ ছয় ম্যাচে পঞ্চম গোল।

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। কর্নার থেকে রাশফোর্ডের বাড়ানো বলে নিখুঁত হেডে গোল করেন রোনাল্ড আরাহো। স্ট্যামফোর্ড ব্রিজে লাল কার্ড দেখার পর মানসিকভাবে কঠিন সময় কাটিয়ে আবার শুরুর একাদশে ফেরা উরুগুইয়ান ডিফেন্ডারের এই গোল ছিল ব্যক্তিগতভাবেও তাৎপর্যপূর্ণ। গোলের পর তিনি আবেগঘন উদযাপনে জড়িয়ে পড়েন কোচ হান্সি ফ্লিকের সঙ্গে।

ব্যবধানে পিছিয়ে পড়লেও আলবেসেতে হাল ছাড়েনি। শেষদিকে জাভি মোরেনোর একটি গোল ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে। অতিরিক্ত সময়ে আরও কয়েকটি নাটকীয় মুহূর্ত তৈরি হলেও বার্সেলোনার রক্ষণভাগ দৃঢ়তা দেখিয়ে ম্যাচ বের করে নেয়। ফলে ব্যবধানে জয় নিয়ে টানা আরেক মৌসুমের মতো কোপা দেলরে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচশেষে সন্তুষ্ট হান্সি ফ্লিক বলেন,  এই ধরনের ম্যাচ জিততেই হয়। আমরা সেমিফাইনালে উঠেছি, সেটাই সবচেয়ে বড় কথা। ম্যাচটি কঠিন ছিল, সুযোগও অনেক নষ্ট করেছি, তবে দলের ওপর আমি গর্বিত। আমরা প্রতি তিনদিনে একবার করে ম্যাচ খেলছি, এই ব্যস্ত সূচির মধ্যেও দল লড়াই করে যাচ্ছে।

শেষ দিকে চাপ বাড়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “এক সপ্তাহেরও কম সময়ে তিনটি ম্যাচ খেলেছি। স্বাভাবিকভাবেই শেষ দিকে কিছুটা চাপ ছিল। তবু আমরা প্রথম দ্বিতীয়ার্ধে আধিপত্য বজায় রেখেছি এবং জয়টা প্রাপ্য ছিল।

আরাহোর প্রত্যাবর্তন নিয়েও ইতিবাচক মন্তব্য করেন ফ্লিক। তিনি বলেন, “আরাহোকে ধাপে ধাপে এগোতে হবে। সে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে, দলও তার পাশে আছে।এছাড়া তরুণ খেলোয়াড়দের প্রসঙ্গে ধৈর্যের বার্তা দিয়ে জানান, ধাপে ধাপেই দল গড়ে উঠছে।

বর্তমান মৌসুমে বার্সেলোনার অবস্থান নিয়েও সন্তুষ্ট ফ্লিক, “কোপা দেল রে সেমিফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে থাকা, লা লিগায় শীর্ষস্থান, আমরা আমাদের লক্ষ্য পূরণের পথেই আছি।